
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় একটি টেক্সটাইল মিলে চুরির ঘটনায় প্রতিষ্ঠানের মেকানিক ইঞ্জিনিয়ারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মেশিনারিজ যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এরশাদ (৩৭), যিনি সংশ্লিষ্ট কারখানার মেকানিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অপরজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৌলভী তাবোগ গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৫০), তিনি মিরের বাজার এলাকার ‘গালিব সুইং’ নামের একটি দোকানের মালিক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূবাইলের লক্ষণদিয়া এলাকায় অবস্থিত ‘জয়নাব টেক্সটাইল মিলস লিমিটেড’-এর মালিক মো. নুরুজ্জামান গত ৯ ফেব্রুয়ারি দুপুরে কারখানায় গিয়ে দেখতে পান বেশ কিছু মূল্যবান মেশিনারিজ যন্ত্রপাতি নিখোঁজ। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কারখানার মেকানিক ইঞ্জিনিয়ার এরশাদকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে এরশাদ অসংলগ্ন বক্তব্য দিতে থাকেন এবং পরে দীর্ঘদিন ধরে কারখানার যন্ত্রপাতি চুরি করে তা মিরের বাজারের ‘গালিব সুইং’ দোকানের মালিক ইব্রাহিমের কাছে বিক্রির কথা স্বীকার করেন।
এজাহার অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ—বারটেক মেশিনের মনিটর, ফেডলক বাইডিং ফোল্ডার, হ্যান্ডটেক মেশিন, সেন্সর, নিডল প্লেটসহ অন্যান্য সরঞ্জাম চুরি করে ইব্রাহিমের দোকানে নিয়ে যান তিনি।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানা থেকে এরশাদকে হেফাজতে নেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় মিরের বাজারস্থ নুর মার্কেটের ‘গালিব সুইং’ দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে দোকান মালিক ইব্রাহিমকে আটক করা হয় এবং দোকান থেকে চুরি হওয়া অধিকাংশ মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় কারখানার মালিক মো. নুরুজ্জামান বাদী হয়ে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৭, তারিখ-১০/০২/২০২৬)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১/৪১১/৪১৩ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং এ ধরনের চুরি প্রতিরোধে পুলিশি নজরদারি অব্যাহত থাকবে।

Reporter Name 


















