
মোঃ মুক্তাদির হোসেন
গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন দক্ষিণবাগ এলাকার উত্তরপাড়া কুড়িলটেক ব্রিজ সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ইমন শেখ ওরফে ইলিয়াস শেখ (২৪)। তিনি শরীফ শেখের ছেলে ও লাইলী বেগমের সন্তান। তার বাড়ি ছৈলাদী গ্রামে, ডাকঘর কলাপাটুয়া, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।
গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক শামিম মিয়ার ধানক্ষেতে হাঁটু পানির ভেতর থেকে ইমন শেখের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার এফআইআর নম্বর ০৩, তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৬, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম (ডিএমপি) ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হানিফা কাজী (৫৫) নামের এক ব্যক্তিকে ঢাকা মহানগরীর উত্তরা আব্দুল্লাপুর এলাকা থেকে গ্রেফতার করেন। তিনি মৃত নাছির উদ্দীন কাজীর পুত্র ও রহিজা খাতুনের সন্তান। তার বাড়ি দক্ষিণবাগ, ইউপি বাহাদুরশাদী, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে কালীগঞ্জ থানাধীন দোলন বাজারে অবস্থিত তার দোকান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।
পরে আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Reporter Name 


















