
মল্লিক এম.আই বুলবুল সোহেল বরগুনা প্রতিনিধিপাথরঘাটায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে একটি গুরুত্বপুর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাথরঘাটা সংকল্প ট্রাস্ট সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এটি পরিচালিত হয় বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, এফোরটি প্রকল্পের আওতায়।
এনএসএস-এর পরিচালক (কার্যক্রম) মো: শহিদুল ইসলাম সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, নেটওয়ার্ক প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক এবং কমিউনিটির বিভিন্ন স্তরের স্টেকহোল্ডাররা অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে উন্নয়ন স্থায়িত্ব এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান কর্মশালায় বিগত বছরের অর্জন এবং পরিকল্পনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন করেন। এছাড়া একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো: মাসুদ পারভেজ টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের বিভিন্ন ধরণ এবং প্রকল্পের পরবর্তী রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। কর্মশালায় সার্বিক সহায়তা প্রদান করেন একশনএইডের ইন্সপিরেটর মো: রোকনুজ্জামান।
উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, সমাজসেবা দপ্তরের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কবির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার জিন্নাত জাহান, পরিবেশ নেটওয়ার্কের সভাপতি মো: শফিকুল ইসলাম খোকন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মেহেদী হাসান এবং প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, সচিববৃন্দ, এনজিও প্রতিনিধি ও যুব সদস্যরাও উপস্থিত ছিলেন।
কর্মশালার আলোচনার মূল বিষয় ছিল টেকসই কার্যক্রমের চারটি দিক: প্রাতিষ্ঠানিক, আর্থিক, নেতৃত্ব ও নেটওয়ার্কভিত্তিক স্থায়িত্ব। অংশগ্রহণকারীদের মধ্যে প্রকল্প-পরবর্তী সময়ে বিভিন্ন স্টেকহোল্ডারের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় একটি যৌথ টেকসইতা ভিশন এবং রূপান্তর রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা প্রকাশ করা হয়, যা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেবে।
কর্মশালার সঞ্চালনা করেন যুব সদস্য মো: জাকির হোসেন নাইম এবং মুক্তি রানী। এই কর্মশালা স্থানীয় কমিউনিটির সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় স্তরে উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়ানোর উপায় শিখেছেন।
এই উদ্যোগের মাধ্যমে পাথরঘাটায় স্থানীয় স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের পরবর্তী পর্যায়ের জন্য সুসংগঠিত পরিকল্পনার দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। কর্মশালা থেকে উঠে আসা সুপারিশগুলো স্থানীয় সরকার ও এনজিও পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হলে, টেকসই উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত হবে।

Reporter Name 


















