
মোঃ রাসেল মিয়া, গাজীপুর প্রতিনিধি
“যে মানুষটি নিজের জমি বিক্রি করে, আটবার কারাবরণ করে, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি—তিনি আজ মেয়র হতে চান শুধুই মানুষের ভালোবাসার জন্য।”
দীর্ঘ সাড়ে ১৭ বছরের রাজনৈতিক জীবনে একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সাইজুদ্দিন আহমেদ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে সরব থাকার কারণে তাকে বারবার টার্গেট করা হয়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি অভিযান ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল এবং আর্থিকভাবে কোণঠাসা করার মতো ঘটনার শিকার হয়েছেন তিনি। মোট আটবার গ্রেফতার হন; একটি মামলায় টানা প্রায় ১৮ মাস কারাবরণ করতে হয়েছে বলে জানান তিনি।
দমন-পীড়নের সময় রাজপথে সামনের কাতারে ছিলেন বলে দাবি করেন এই নেতা। নির্যাতন, হামলা ও গ্রেফতার—কিছুই তাকে দমাতে পারেনি। তার ভাষায়, “দমনের অন্ধকারে মাথা নত নয়—মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন থাকা আমার অঙ্গীকার।”
বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কঠিন সময়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটালেও পাশে ছিলেন তার বৃদ্ধ বাবা-মা ও স্থানীয় সমর্থকরা। তাদের সহায়তা ও জনগণের ভালোবাসাকেই তিনি তার শক্তি হিসেবে উল্লেখ করেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে সাইজুদ্দিন আহমেদ বলেন, “আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। মেয়র হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই।”
স্থানীয়দের একটি অংশ বলছেন, দীর্ঘ দুঃসময়ের পরও মানুষের পাশে থাকার এমন প্রত্যয় বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই নেতার আহ্বানে কীভাবে সাড়া দেয়।

Reporter Name 


















