
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি :
দীর্ঘদিন পর নানির বাড়ি দিনাজপুরে এসে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় তিনি এ কথা বলেন।
জনসভায় বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, “আমি আজ অনেক ভালো আছি। কারণ দীর্ঘ কয়েক বছর পর আমি আমার নানির বাড়ি দিনাজপুরে এসেছি। এটা আমার নানা-নানির দেশ। আপনারা সবাই কেমন আছেন?” তার এই বক্তব্যে জনসভাস্থল মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে।
তিনি বলেন, দিনাজপুর শুধু একটি জেলা নয়—এটি দেশের অন্যতম লিচু উৎপাদনকারী জেলা। পাশাপাশি রবি শস্যভাণ্ডার ও বিখ্যাত কাটারি ধানের জন্যও দিনাজপুরের বিশেষ পরিচিতি রয়েছে। তিনি উল্লেখ করেন, “আমাদের নির্বাচনী প্রতীক ধানের শীষ। ধানের শীষে ভোট দিয়েই আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে হবে।”
ঐতিহাসিক জনসভাকে সফল করতে সকাল থেকেই হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাটসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের বিশাল বহর নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। তারেক রহমানের আগমনে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলা দিনাজপুর উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বেড়েছে বেকারত্ব।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে, আধুনিক কৃষি ব্যবস্থা চালু করা হবে এবং দিনাজপুরের বিখ্যাত লিচুকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলা হবে। কাটারি ধানসহ বিভিন্ন রবিশস্যের উৎপাদন বাড়াতে বিনামূল্যে সার ও কৃষি উপকরণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন আনা হবে। দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নের জন্য আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে বলেও আশ্বাস দেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, “এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—এই দেশ জনগণের। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে।” তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষিখাতে ব্যাপক বিনিয়োগ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশে কম্পিউটার ও প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন, যাতে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
সবশেষে তিনি দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
দেশনায়ক তারেক রহমানের আগমনে দিনাজপুরের সর্বস্তরের জনসাধারণ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

Reporter Name 


















