
মো: পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ধনবাড়ী বাজার, তেলের পাম্প, ধোপাখালী, কবিরাজবাড়ীসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরজাহান আক্তার সাথী।
অভিযান চলাকালে ধনবাড়ী কাঁচাবাজারে এক মাংস ব্যবসায়ীর চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি পাওয়া যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে।
পরে ধনবাড়ীর হাজি কাচ্চি বিরিয়ানি হাউজে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায়। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল মজুদ করে কোনো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে কি না অথবা কোনো ধরনের অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়।
অপরদিকে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে কয়েকজনকে ভবিষ্যতে মাটি বিক্রি না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরজাহান আক্তার সাথী জানান, অভিযানে একটি খাবারের দোকানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তারিখ: ০৭ মার্চ ২০২৬

Reporter Name 


















