
টেকনাফে প্রাইভেটকারসহ ৪ হাজার পিস ইয়াবা জব্দ, চালক আটক
জামাল উদ্দীন | কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি টেকনাফ থানাধীন গোদারবিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ জাহেদ হোসেন পুতু (৬৩)। বিজিবির তথ্যমতে, তিনি ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটির চালক ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বুধবার (আজ) বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Reporter Name 


















