
গজারিয়ায় (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | মোঃ দুলাল সরকার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে ১৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে গড়ে ওঠা এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সেনা ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদমাধ্যমকে জানান, “এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Reporter Name 


















