
দিনাজপুরের বিরামপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা ও অন্তর্ভুক্ত ১৩টি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভা আয়োজন করা হয়।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক একে এম মাসুদুল ইসলাম, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
তারেক রহমান বলেন, নির্বাচিত হলে জনগণের জন্য ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করা হবে, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কৃষি খাতের উন্নয়নে আম, লিচুসহ বিভিন্ন পণ্যের দেশী ও বিদেশি রপ্তানির প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Reporter Name 


















