
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে একটি জানাজা নামাজে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর বাজারের অহিদ প্লাজার মালিক অহিদ খাঁ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টায় ইন্তেকাল করেন। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে রাজেন্দ্রপুর স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মরহুমের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, জানাজার সব প্রস্তুতি সম্পন্ন থাকার পরও শেষ মুহূর্তে এতে বাধা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন তার নেতাকর্মীদের মাধ্যমে স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত না করার নির্দেশ দেন। স্থানীয় বিএনপি কর্মী খোরশেদের মাধ্যমে মরহুমের পরিবারকে জানানো হয়—মাঠের ঘাস নষ্ট হতে পারে, তাই সেখানে জানাজা পড়া যাবে না।
মরহুম অহিদ খাঁর বড় ছেলে শেখ ফরিদ বলেন,
“বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা স্কুল মাঠে জানাজার আয়োজন করেছিলাম। শেষ মুহূর্তে এভাবে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।”
পরিস্থিতির কারণে জানাজার প্রায় এক ঘণ্টা আগে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্কুল মাঠে জানাজার আয়োজন করা যাবে না। বাধ্য হয়ে জানাজা রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে স্থানান্তর করা হয়। হঠাৎ স্থান পরিবর্তনের কারণে অনেক মুসল্লি নির্ধারিত সময়ে জানাজায় অংশ নিতে পারেননি। এ জন্য আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ আরও জানায়, স্কুল মাঠ একটি সর্বসাধারণের স্থান হলেও সেখানে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের বক্তব্য জানতে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Reporter Name 


















