
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে
মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সচেতনতামূলক গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে।
“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, মতবিনিময় ও গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিঠুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. হাসান মারুফ। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তরুণদেরই এ আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (‘ক’ সার্কেল) মো. রফিকুল ইসলাম এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকবিরোধী আন্দোলনে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা এবং স্কুল-কলেজে “মাদকে না বলুন” স্লোগানসংবলিত লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

Reporter Name 


















