
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের এন এম খান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ সেরাজ উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং লেখাপড়ার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত উপস্থিতি ও কঠোর পরিশ্রমই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের আহ্বায়ক মোসাঃ শাকিলা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নিয়ামত আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী।
এসময় অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Reporter Name 


















