
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চোরাকারবারি আটক
উজ্জ্বল কুমার সরকারন ওগাঁ:
নওগাঁয় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক জন মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা এ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, কুড়িগ্রাম জেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে বড় ধরনের গাঁজার চালান নওগাঁয় প্রবেশ করবে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম নওগাঁ-ঢাকা রোড, নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজার এবং রানীনগর এলাকায় কৌশলগত অবস্থান নেয়, যাতে পিকআপটি পালিয়ে যেতে না পারে।
সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে সন্দেহভাজন পিকআপটি নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ডিবির বিশেষ টিম সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপের চালক মো. আব্দুস সালাম ওরফে শামিম (পিতা: সাহেব আলী, গ্রাম: এগারো মাথা জয়মঙ্গল, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) কে আটক করা হয়।
আসামির দেখানো মতে কাঠ বোঝাই পিকআপটি জনসমক্ষে তল্লাশি করে কাঠ নামানোর পর দুইটি বস্তার ভেতরে থাকা মোট ৮টি পোটলায় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক চোরাকারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Reporter Name 


















