
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন
গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সুশাসন ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে “ওয়ার্ড সংসদ” গঠনের প্রস্তাব দিয়েছেন জনপ্রতিনিধি প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, একটি ওয়ার্ড সঠিকভাবে পরিচালনার জন্য অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক একটি কাঠামো থাকা অত্যন্ত জরুরি, যার নাম তিনি দিয়েছেন “ওয়ার্ড সংসদ”।
আতিকুল ইসলাম বলেন, ওয়ার্ড সংসদ ছাড়া উন্নয়নের কথা বলা শুধু নাটকবাজি ছাড়া কিছুই নয়। যখন একটি ওয়ার্ডের নেতৃত্ব দুষ্টচক্র কিংবা একক কোনো জনপ্রতিনিধির হাতে সীমাবদ্ধ থাকে, তখন পুরো ওয়ার্ড কার্যত একটি বন্দী এলাকায় পরিণত হয়। এ অবস্থায় নানা সমস্যা ও অনিয়ম থাকলেও ভয় ও প্রভাবের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
তিনি আরও বলেন, এই নীরবতা ভাঙতে এবং জনগণকে সরাসরি উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করতে ওয়ার্ড সংসদ গঠনই একমাত্র কার্যকর পথ। উন্নয়ন কোনো এক ব্যক্তির একক উদ্যোগে সম্ভব নয়; সম্মিলিত অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।
গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত ওয়ার্ড পরিচালনা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই গাজীপুরে প্রকৃত সুশাসন ও কার্যকর উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

Reporter Name 


















