
কুলাউড়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে শীতবস্ত্র বিতরণ।
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ
কুলাউড়া, মৌলভীবাজার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি ১৯ জানুয়ারি সোমবার কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়।
বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচি সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি নিউ জার্সি স্টেট নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী। তিনি বক্তব্যে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করেই বিএনপি দীর্ঘদিন ধরে অসহায়দের পাশে রয়েছে।
শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্ত স্কাউট এবং গ্লোবাল রেড লাইফ লাইন ব্লাড সাপোর্টের সদস্যরা। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Reporter Name 


















