
অফিস ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। সবাই সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও যদি ভোটার কার্ড চুরি, অনিয়ম বা কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটে, তবে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, এবারের নির্বাচন হবে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন—যা দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে।
রংপুর অঞ্চলের জনগণের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে বেশি শান্তিপ্রিয় ও নিরীহ। সে কারণে রংপুর বিভাগের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Reporter Name 



















