
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।
এবার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি ‘হঠকারী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এতে নিষিদ্ধ হয়ে যাবে। এটি স্পষ্টতই একটি হঠকারী সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে না যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এমন নিয়ম আগে কখনো দেখা যায়নি।”
নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ভোটকেন্দ্রে কোনো বিপদ ঘটলেও তখন কাউকে ফোন করে জানানো যাবে না। অনেক ভোটার নিরাপত্তাহীনতার কারণে মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবেন না।”
সিসি ক্যামেরার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তার ভাষায়, “সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো কাজে আসে না। সাংবাদিকরা মোবাইলের মাধ্যমে যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র তুলে ধরতে পারেন, ক্যামেরা তা পারবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত মোবাইল ফোন সবচেয়ে কার্যকর। হয়তো এসব জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সে কারণেই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত।”
সবশেষে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Reporter Name 



















