
নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যখাতে বড় উন্নয়নের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।
শনিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বকুল এমপি বলেন, “আমি সেদিনই শান্ত হবো, যেদিন দেশের রোগীরা শান্তি পাবে। আমাদের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবাকে সম্পূর্ণ পরিবর্তন করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।” তার এই বক্তব্যে উপস্থিত জনতার মাঝে ব্যাপক সাড়া পড়ে।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করার পরিকল্পনাও রয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষকদের জন্য নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদ-আসলসহ মকুফ করা হয়েছে। এর ফলে কৃষকদের আর ঋণের বোঝা বইতে হচ্ছে না এবং তারা স্বস্তিতে কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন।
বিদ্যুৎ খাতের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কুইক রেন্টালের নামে যে অনিয়ম হয়েছে, তা সামাল দিতে বর্তমান সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে সরকার এ খাতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও তোফাজ্জল হোসেন লিয়াকত, পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়দের আশা, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হলে এলাকাবাসী আরও উন্নত চিকিৎসাসেবা পাবে এবং স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Reporter Name 


















