
লুতুব আলি, বর্ধমান:
ইদানিং বিশেষত কিশোরী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে, মেয়েদের উপর অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও প্রভাব রোধ এবং সচেতনতা তৈরি করতে বর্ধমান শহরের উদয়পল্লী শিক্ষা নিকেতন বিদ্যালয়ে সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরো জানা যায়, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গুড টাচ–ব্যাড টাচ, পক্সো আইন, নাবালিকা বিবাহ ও মানব পাচার সংক্রান্ত তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। কর্মশালার আয়োজন করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বর্ধমান মহিলা থানা এবং বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা সহযোদ্ধা, যার পোশাকি নাম স্বয়ংসিদ্ধা।
সহযোদ্ধার সম্পাদিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্র-ছাত্রীদেরকে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন এবং সচেতনতা বিষয়ক শিক্ষা দেওয়া হয়। বর্ধমান মহিলা থানার পুলিশ অফিসার মধুমিতা কুন্ডু ও আলপনা মুখার্জি বিশদভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
সাব ইন্সপেক্টর মধুমিতা কুন্ডু বলেন, “কোনও শিক্ষার্থী যদি এই ধরনের সমস্যার মুখোমুখি হয়, তবে তারা প্রথমেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অবগত করবেন। এছাড়াও জেলা পুলিশের ১০০ নম্বর ডায়ালে কল করে সঙ্গে সঙ্গে সহায়তা পাওয়া যায়।”
পুলিশ অফিসার আলপনা মুখার্জি জানান, “নাবালিকা বিবাহের ক্ষেত্রে পরিবারের লোকজনসহ উপস্থিত সকলেই আইনের আওতায় পড়েন। তাই সবাইকে সচেতন থাকা অত্যন্ত জরুরি।”
উদয়পল্লী শিক্ষানিকেতনের টিচার ইনচার্জ রবি কিরণ মুখার্জি বলেন, “এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনেকটা পিছিয়ে পড়া পরিবারের হলেও তারা শিক্ষা এবং সচেতনতা অর্জনের মাধ্যমে এগিয়ে আসতে চায়।”
কর্মশালায় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাও অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা, আইনি সচেতনতা ও আত্মরক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Reporter Name 



















