
নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা, আইডি কার্ড বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পেশাগত ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি নরসিংদী শহরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুল কাম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই তাদের দায়িত্বশীল ও নৈতিকতার সাথে কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকদের সংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম থাকলে তারা আরও কার্যকরভাবে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বপূর্ণ পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা সাংবাদিকদের অন্যতম প্রধান কাজ। তিনি নরসিংদী সাংবাদিক সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংগঠনের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, সহ-সভাপতি আবু নাঈম রিপন এবং জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক। তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ কাউছার হোসেন, মোঃ আব্দুল্লাহ, শিবলী সাদিক রানা, মোঃ আরমান মিয়া, মোসাঃ সাথী বেগমসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সংগঠনের সদস্যদের মধ্যে পরিচিতি আইডি কার্ড বিতরণ। এর মাধ্যমে সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এলজিইডি মসজিদের ইমাম মাওলানা ছানাউল্লাহ। তিনি দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলায় একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন হিসেবে কাজ করছে। ভবিষ্যতে এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানেও সংগঠনটি কাজ করবে।
শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, নরসিংদী সাংবাদিক সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল সদস্য আন্তরিকভাবে কাজ করবেন। এর মাধ্যমে জেলার সাংবাদিক সমাজের ঐক্য আরও দৃঢ় হবে এবং সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত মান উন্নত হবে।

Reporter Name 


















