
মোঃ ইলিয়াছ খান উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের সালথা সদর বাজারে দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সালথা থানা পুলিশ। পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে সালথা সদর বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত মজুমদারসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এই কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে পুলিশ সদস্যরা যানবাহন চালক, পথচারী এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। বাজার এলাকায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং সড়কগুলো স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী থাকে সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
বিশেষ করে রমজান মাসে বিকালের দিকে ইফতার কেনাকাটাকে কেন্দ্র করে বাজারগুলোতে মানুষের উপস্থিতি অনেক বেড়ে যায়। ফলে যানবাহনের চাপও কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সময় অসচেতনভাবে গাড়ি পার্কিং, রাস্তায় দোকান বসানো কিংবা যত্রতত্র গাড়ি থামানোর কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় মাথায় রেখে আগেভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
পুলিশ সদস্যরা বাজার এলাকার দোকানদারদেরও সতর্ক করেন যাতে তারা সড়কের উপর বা ফুটপাত দখল করে দোকান না বসান। একই সঙ্গে অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে গাড়ি দাঁড় করানোর জন্য অনুরোধ করা হয়। এতে করে সড়কে অপ্রয়োজনীয় যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে বলে আশা করছে পুলিশ।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, পবিত্র মাহে রমজান এবং সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারগুলোতে মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এ সময় যাতে জনসাধারণের চলাচলে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্যই আমরা আগাম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।
তিনি আরও বলেন, আমাদের এই কার্যক্রম মূলত একটি মহড়া এবং জনগণকে সচেতন করার উদ্যোগ। আমরা চাই সবাই নিয়ম মেনে চলুক এবং যানজট নিরসনে পুলিশকে সহযোগিতা করুক। এলাকার সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, বাজার এলাকায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রমজান মাসে মানুষের ভিড় বাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পুলিশের এই উদ্যোগের ফলে যদি সবাই সচেতন হয় তাহলে যানজট অনেকটাই কমে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
সালথা থানা পুলিশ জানিয়েছে, শুধু সচেতনতা কার্যক্রমই নয়, প্রয়োজনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। পাশাপাশি ঈদকে সামনে রেখে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশি টহল এবং নজরদারি আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে সকলকে ট্রাফিক আইন মেনে চলার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এতে করে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Reporter Name 


















