
সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য মজুদ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জনৈক শমসেরের আম বাগানে এসব মাদক রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ২০ মিনিটে আজমতপুর বিওপি থেকে একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় পণ্যের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত দুই মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের ২ হাজার ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Reporter Name 









