
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমা (৫০) অকাল মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শতাব্দী চাকমা রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন নিবেদিতপ্রাণ ও সুনামধন্য শিক্ষিকা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। শনিবার (২০ জুন ২০২৬) সকালে তিনি প্রতিদিনের মতো কর্মস্থল স্কুলে যাওয়ার পথে একটি গাছে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জাম পাড়ার সময় কাঁচা বাঁশটি অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শতাব্দী চাকমার আকস্মিক মৃত্যুতে রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো নানিয়ারচর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল, স্নেহশীল ও শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষক।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন “সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ” (নির্বাহী সদস্য, বিটিএসএফ)। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয়রা বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

Reporter Name 


















