
গাজীপুর প্রতিনিধি : মোঃ আমিরুল ইসলাম
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের শিফট শেষে কর্মস্থল থেকে ফেরা গার্মেন্টস শ্রমিকরাই বেশি টার্গেট হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই চক্রের নেতৃত্বে রয়েছেন রাব্বি (৩৫), পিতা—আজিজ। তার সহযোগী হিসেবে সোহেল নামে একজন কাজ করছেন বলেও একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে আলামিন নামের এক ব্যক্তির বাসায় প্রবেশ করে শরীরে সুইচ গিয়ার ঠেকিয়ে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, গাছা থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এতে করে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাদের দাবি।
আরও গুরুতর অভিযোগ হলো—
ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে গেলে ছিনতাইকারী চক্রের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—
এই ছিনতাইকারী চক্রের পেছনে কি কোনো প্রভাবশালী বা রাজনৈতিক শক্তি কাজ করছে?
নাকি প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়েই তারা দিনের পর দিন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে?
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত পুলিশের দৃশ্যমান অভিযান, নিয়মিত টহল জোরদার এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Reporter Name 









