
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ
টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ টন রড লুটের ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় লুট হওয়া রড ও খালি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।
শনিবার (২৪ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মির্জাপুর থানা পুলিশ। সাভারের যাদুরচড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তারা উভয়েই কেরানীগঞ্জের করেরগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-১৬৩৯) বগুড়া জেলার শিবগঞ্জ থানার আমতলী বাজারের উদ্দেশে রওনা দেয়।
ভোর আনুমানিক ৭টার দিকে ট্রাকটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে।
এ সময় প্রাইভেটকারে থাকা ছয়জন ডাকাত ট্রাকচালক নান্নু ও হেলপার আবু জাফরের চোখ বেঁধে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। পরে গাজীপুরের বাগবাড়ি এলাকায় তাদের ফেলে রেখে রড বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের যাদুরচড় এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং খালি ট্রাকটি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে পরে মাদারীপুর জেলার শিবচড় উপজেলার শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে লুট হওয়া ১৪ টন রড উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Reporter Name 









