
সিংড়ায় কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় রেজাউল করিম (৫৩) নামের কলেজ শিক্ষককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শিক্ষক রেজাউল করিম নিজ বাড়ি থেকে মাছ চাষের পুকুর দেখতে যান। সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে খুনি সন্দেহে ওহাব আলীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। আগুন লাগার সময় সবাই বের হতে সক্ষম হলেও ছাবিহা (৭৫) নামের এক বৃদ্ধা নারী বের হতে না পারায় ঘটনাস্থলেই মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর জানান, নিহত শিক্ষক ও বৃদ্ধা নারীর মরদেহ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিলহালতি ত্রিমোহনী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও পৃথক প্রতিবাদ সমাবেশ করেছেন।

Reporter Name 









