
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতের সময় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে গভীর শোকে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে যান ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের আবেগে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
পরে নিহত দুই নেতার কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত করেন ডা. শফিকুর রহমান। মোনাজাতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
শফিকুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি নিহত দুই পরিবারের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এরপর ডা. শফিকুর রহমান সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দেন। সভাটির শিরোনাম ছিল ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নিহতদের স্মরণ এবং ঘটনার প্রতিবাদ জানানো হয়।
সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ডা. শফিকুর রহমান সহমর্মিতা প্রকাশ করেন।
কবর জিয়ারত ও প্রতিবাদ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহতদের পরিবারের সদস্যরা ডা. শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বজন হারানোর কষ্টের কথা তুলে ধরেন। এ সময় পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রতিবাদ সভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানান।

Reporter Name 


















