
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেন (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাত প্রায় ১১টা ১০ মিনিটে রায়পুরা থানা পুলিশের এসআই (নি:) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রায়পুরা থানাধীন জঙ্গী শিবপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন জঙ্গী শিবপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ জানায়, তিনি রায়পুরার জঙ্গী শিবপুর এলাকার মানিক মিয়া হত্যাকাণ্ডের মামলারও আসামি। ওই ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Reporter Name 









