
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাওলানা আরাফাত সরকারের বিরুদ্ধে দায়ের করা হজের টাকা আত্মসাৎ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগের জবাবে তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টিকে সম্পূর্ণ ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ বলে দাবি করেছেন।
গত মঙ্গলবার (১৯ মে) রাতে বোদা পৌর এলাকার খোলাফায়ে রাশেদীন মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগকারীদের পূর্বের বক্তব্যের কঠোর জবাব দেন। এর আগে ১৮ মে বোদা প্রেসক্লাবে বাদীপক্ষের সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে আনীত অভিযোগ জনসমক্ষে আনা হয়।
সংবাদ সম্মেলনে মাওলানা আরাফাত সরকার বলেন, তিনি কোনো মোয়াল্লেম নন এবং হজের টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি অনুযায়ী, তিনি শুধু পরামর্শ দিয়েছিলেন যাতে ওমরাহ বা হজের টাকা ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়, যাতে আর্থিক লেনদেনের স্বচ্ছতা থাকে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট একাধিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং সফিকস ওভারসিজ নামক এজেন্সির মাধ্যমে টিকিট প্রসেসিংয়ে দেরি হওয়ায় বিষয়টি হজ পরিচালকের কাছে পর্যন্ত গড়ায়। পরে প্রশাসনিক চাপের পর টিকিট প্রদান করা হয় বলে তিনি দাবি করেন।
অভিযোগকারীর টাকা আত্মসাৎ করা হয়নি দাবি করে তিনি বলেন, পরবর্তীতে ওই টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়েছে—একাংশ নগদে এবং বাকি অংশ আদালতের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তার ভাষায়, “আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বোদা বাজারের একটি দোকানে লেনদেন সম্পন্ন হলেও তা ভুলভাবে প্রচার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ‘কমিশনভোগী দালাল’ হিসেবে আনা অভিযোগও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন।
তিনি জানান, মাদ্রাসা ও তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানান।
সংবাদ সম্মেলনের শেষে তিনি তিনটি দাবি উত্থাপন করেন—মিথ্যা মামলা প্রত্যাহার, মাদ্রাসার সুনাম নষ্টের অপচেষ্টা বন্ধ এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং বিষয়টি স্থানীয়ভাবে আরও গুরুত্ব পাচ্ছে।

Reporter Name 

















