
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় জেলা পুলিশের দ্রুত ও পেশাদার পদক্ষেপে আবারও প্রমাণিত হয়েছে জনবান্ধব পুলিশিংয়ের কার্যকারিতা। সম্প্রতি নেত্রকোণা জেলা পুলিশ এর তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা কিছুদিন আগে হারিয়ে যায়। বিষয়টি দ্রুত নেত্রকোণা জেলা পুলিশকে অবহিত করা হলে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।
পুলিশের তথ্যপ্রযুক্তি সহায়তা ও মাঠপর্যায়ের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে দ্রুত হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হয়। এএসআই আমিনুল ইসলামের দক্ষতা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোনের পাশাপাশি নগদ টাকাও উদ্ধার করা হয়।
গত রবিবার (২১ জুন ২০২৬) উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিক মোঃ শামছুল হকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এএসআই আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
মালামাল গ্রহণ করে মোঃ শামছুল হক বলেন, নেত্রকোণা জেলা পুলিশ যেভাবে দ্রুততার সঙ্গে হারানো জিনিস উদ্ধার করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা বাড়ায় বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ প্রমাণ করে পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, জনগণের সেবায়ও আন্তরিকভাবে কাজ করছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে নেত্রকোণা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই ঘটনা জনবান্ধব পুলিশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা আরও দৃঢ় করবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

Reporter Name 
















