
মো: কামরান হোসেন,পূর্বধলা নেত্রকোনা:
আসন্ন পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া সাধারণ মানুষের কাছে অন্যতম আলোচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. মঞ্জুরুল হক এবং মাতা মোছা. রহিমা খাতুন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে লিটন মিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও পরিচিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সামাজিক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ততা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন।
চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া বলেন, “মানুষের সেবা করতে পারলেই আমি মানসিক শান্তি পাই। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তাহলে নারান্দিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। সমাজসেবা করার জন্য রাজনৈতিক দলের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। মানুষের সেবা করার জন্য প্রয়োজন আন্তরিকতা ও সেবার মানসিকতা। জাতি, ধর্ম, বর্ণ ও দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান। আমি সবসময় সকল মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ বাড়ছে। এই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়াও নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন।
এলাকাবাসীর একাংশের মতে, দীর্ঘদিনের সমাজসেবা, জনসম্পৃক্ততা এবং মানবিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া ইতোমধ্যে ইউনিয়নের মানুষের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে।

Reporter Name 
















