
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামসংলগ্ন আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও অবিবাহিত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।
নিহত আলীমুদ্দীন নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অবিবাহিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বান্দাইখাড়া গ্রামের শবদুলের বাড়ির পাশ দিয়ে নদীর তীর ধরে হাঁটার সময় আলী নামে এক যুবক নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। খবর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে আত্রাই নদীতে লাশ উদ্ধার হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 
















