
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুর পৌরসভায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৌর এলাকাকে সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর পৌরসভা এ কর্মসূচি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। তিনি বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গাছের সম্পর্ক রয়েছে। তাই শুধু চারা বিতরণ করলেই হবে না। প্রতিটি চারা সঠিক জায়গায় রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নিতে হবে। গাছ বড় হলে তা মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও নানা উপকার নিশ্চিত করবে।
মাহমুদা সুলতানা বলেন, ফরিদপুর পৌরসভাকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করা গেলে পরিবেশ রক্ষার উদ্যোগ আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আঃ হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবিহা শারমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চু, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানের পর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ না করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের গাছের চারা বিতরণ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ফরিদপুর পৌরসভা ভবিষ্যতে আরও সবুজ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত হবে।

Reporter Name 

















