
মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, “গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের জন্য সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত সেবা সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই জনসচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান হলে আদালতের উপর চাপ কমে যায় এবং সাধারণ মানুষ কম সময়ে ন্যায়বিচার পায়। এতে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে।
পরে উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা আক্তার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত সবাইকে জনসচেতনতা ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান এবং গ্রাম আদালত সেবা ব্যবহারে উৎসাহিত করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে স্লোগান দেন। র্যালি শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
পরবর্তীতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের জনসচেতনতা ক্যাম্পেইন ভবিষ্যতে গ্রাম আদালত সেবা সম্পর্কে মানুষের সচেতনতা আরও বৃদ্ধি করবে এবং গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

Reporter Name 


















