
আব্দুস সামাদ লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং কুখ্যাত গরুচোর ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য মেহেদী হাসান ওরফে মোহন (২৭)-কে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে মোহন উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিহাট এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি বিভিন্ন সময় আত্মগোপনে থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে গরু চুরি ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং আদালত থেকে চারটি পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।”
এ ধরনের অভিযান স্থানীয় এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় চুরি, ডাকাতি ও সংগঠিত অপরাধ কমে আসবে।
পুলিশ আরও জানিয়েছে, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে ভবিষ্যতেও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Reporter Name 









