
মোঃ খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় লামিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু লামিম একই এলাকার ট্রাকচালক মামুনের ছেলে। প্রতিদিনের মতোই সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল সে। টুনিরহাট–পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশে বসবাস করায় শিশুটি খেলার সময় অসাবধানতাবশত সড়কের দিকে চলে যায়। ঠিক সেই সময় টুনিরহাট সুপারি বাজারের দিকে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটি সরু হওয়ায় এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে পঞ্চগড় সড়ক দুর্ঘটনা পরিস্থিতি এবং গ্রামীণ সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি। স্থানীয় সচেতন মহল বলছে, নিয়ম না মানা এবং অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে, পরিবারটি শিশুটির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, সাধারণ মানুষ মনে করছেন ইজিবাইক চাপা ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে এমন হৃদয়বিদারক ঘটনা আরও বাড়তে পারে।

Reporter Name 



















