
মোঃ মাসুদ সরদার,
বরিশালের গৌরনদী উপজেলার মানুষের কাছে কাজী সুজন পরিচিত একটি মানবিক নাম। ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি।
২০১৮ সালের ১১ ডিসেম্বর তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC)। অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনের মাধ্যমে মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রক্তদানের পাশাপাশি বয়স্ক ও অসহায় মানুষের জন্য ট্রাস্ট বৃদ্ধাশ্রম ও সেবাকেন্দ্র পরিচালনা করছেন কাজী সুজন। সেখানে আশ্রয়হীন প্রবীণদের সেবা, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর উদ্যোগ নেওয়া হয়।
বিভিন্ন দুর্যোগ ও সামাজিক সংকটেও তার উদ্যোগ দেখা যায়। বন্যার সময় ত্রাণ বিতরণ এবং ‘প্রজেক্ট ঈদ হাসিমুখ’-এর মতো কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করা হয়েছে।
ব্যবসার সঙ্গেও সমাজসেবার একটি যোগসূত্র তৈরি করেছেন তিনি। মেমোরিজ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের পরিচালক হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি আয়ের একটি অংশ বৃদ্ধাশ্রমের ব্যয় ও আবাসিকদের চিকিৎসায় ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। গৌরনদীর ‘ফুডব্যাংক’ প্রকল্পের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।
তার অনলাইন প্ল্যাটফর্ম ‘Kazi Sujon Official’-এর মাধ্যমে সামাজিক সচেতনতা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই প্ল্যাটফর্মের সঙ্গে কয়েক হাজার মানুষ যুক্ত রয়েছেন।
কাজী সুজনের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে এমন একটি সেবাকেন্দ্র গড়ে তোলা, যেখানে অসহায় মানুষের খাদ্য, আশ্রয় ও চিকিৎসার সংকট কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। তার এসব মানবিক কর্মকাণ্ড স্থানীয় তরুণদেরও স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করছে।

Reporter Name 









