
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর পাঁচদিন ধরে অবস্থানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে আমিন খান নামে এক যুবকের বাড়িতে লায়লা নামে ওই তরুণী অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত টানা পাঁচদিন ধরে তরুণীটি ওই বাড়িতে অবস্থান করছেন। তার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে প্রায় চার বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। আমিন দেশে থাকার সময় দুই বছর এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পর আরও দুই বছর তাদের মধ্যে সম্পর্ক চলেছে বলে দাবি করেন লায়লা।
লায়লার অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে আমিন খান বিয়েতে রাজি হচ্ছেন না। এ কারণে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন।
লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকৃতি জানানোয় তার মেয়ে ওই বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য গ্রামের সর্দার ও মাতব্বররা কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। ছেলে পক্ষ প্রথম দিকে বিয়ের বিষয়ে সম্মতি দেখালেও পরে বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে মেয়ে সেখানে অবস্থান করায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান হওয়া প্রয়োজন।
এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে বর্তমানে আমিন বিয়েতে সম্মতি দিচ্ছেন না। ফলে পরিবারের পক্ষ থেকে কী করা সম্ভব, সেটি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তরুণীর সঙ্গে একটি বিষের বোতল থাকার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে আজমল খান জানান, স্থানীয় সর্দার-মাতব্বররা সেটি সরিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তরুণীর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পরিবারের সদস্য ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে এবং বর্তমানে দুবাইপ্রবাসী বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়েছে বলে জানা যায়নি। তবে দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Reporter Name 

















