স্বপন রবি দাশ | হবিগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তারা তথ্য পায় যে ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন নূরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকায় একটি অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এর পর রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে হলুদ রঙের একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পরবর্তীতে উদ্ধার করা এয়ারগানটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, সিলেট বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জনবহুল এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।