
বগুড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেখানে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ দফা দাবী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস শ্রমিকদের রক্তে রঞ্জিত। ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের কথা তুলে ধরে তিনি জানান, ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিকরা জীবন দিয়েছেন। কিন্তু ১৩৯ বছর পরও এসব দাবী পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে বগুড়ার সাতমাথায় সকাল ৮টায় একটি বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে র্যালি, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় শ্রমিকদের খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, মহানগর সভাপতি আজগর আলী, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা ও অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত ৩১ দফা দাবীর মধ্যে রয়েছে—সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, সরকারি ও বেসরকারি খাতের মজুরি বৈষম্য দূর করা, নিত্যপণ্যের দাম কমানো এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবীও জানানো হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন আরও দাবী জানিয়েছে, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে, সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে এবং কৃষি খাতে সার ও বীজের দাম কমাতে হবে। তারা রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ এবং সংসদে সংরক্ষিত আসন নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে সকল শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Reporter Name 
















