
মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলএসডি মোড় বায়তুল জামে মসজিদে পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন শত শত মুসল্লিদের অংশগ্রহণে এই আয়োজন চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ এলএসডি গোডাউন মোড় কশিগাড়ী রোডের পাশে অবস্থিত বায়তুল জামে মসজিদে রমযান মাসজুড়ে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ শত মুসল্লিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রাণীগঞ্জের কৃতী সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি মসজিদ পরিচালনা কমিটির একজন সম্মানিত সভাপতি।
মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় তার উদ্যোগে প্রতিদিন নিয়মিতভাবে দোয়া ও ইফতারের আয়োজন করা হচ্ছে। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজ এলাকার ধর্মীয় কার্যক্রমের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে দুইবার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিবছরই পবিত্র রমযান মাসে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে নিজ এলাকায় অবস্থান করেন এবং মুসল্লিদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। তার এই উদ্যোগ ও দায়িত্বশীলতায় স্থানীয় এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
মসজিদ সংশ্লিষ্টরা জানান, জাহাঙ্গীর আলমের আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বে মসজিদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং রমযান মাসজুড়ে মুসল্লিদের জন্য নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
রমযান মাস শেষ হওয়ার পর তিনি পুনরায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।

Reporter Name 









