
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, কার্তুজ ও সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আশরাফুল হোসেন সজীব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথ বাহিনী আটককৃতের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো দা, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
সেনাবাহিনীর সূত্র জানায়, আটক আশরাফুল হোসেন সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন, অস্ত্র তৈরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের শীর্ষ সদস্য এবং তার নেতৃত্বে স্থানীয় জনগণের নিরাপত্তা দীর্ঘদিন ধরে হুমকির মুখে ছিল।
সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃত সজীবের বিরুদ্ধে ইতোমধ্যে ৪টি পৃথক মামলা রয়েছে। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 


















