
নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে একটি দল: সিলেটে তারেক রহমান
এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বিশাল জনসভার মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে মানুষের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে এবং বেহেশতের টিকিট দেয়ার নামে শিরক করছে।
তারেক রহমান বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দিতে পারে না। যারা মানুষের কাছে নিজের ক্ষমতার বাইরে এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা শিরক করছে। এবার ভোটের পর কেমন ঠকাবে, তা মানুষ ভাবুক।”
চেয়ারম্যান আরও বলেন, “দেশে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির পরিকল্পনা চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে যে, তারা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম।”
তিনি অব্যাহতভাবে বলেন, বিগত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে পাঠানো হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন করা হবে এবং কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি, অর্থনীতি ও স্থানীয় উন্নয়নে জোর দেওয়া হবে। এছাড়া সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রাম ও শহরের দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
চেয়ারম্যান সমাবেশে উল্লেখ করেন, “দিল্লি নয়-পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

Reporter Name 


















