
রাজশাহী প্রতিনিধি মোঃ সোহেল রানা:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫ সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী সড়কের পূর্ব পাশে এবং নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে একটি আমবাগান এলাকায় সন্দেহজনক বোমা থাকার খবর পাওয়া যায়। ওই এলাকায় জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেত রয়েছে। সেখানেই দুটি শপিং ব্যাগে বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আসে।
তথ্য পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি-৫-এর একটি চৌকস আভিযানিক দল। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এলাকায় তল্লাশি শুরু করা হয়। এ সময় বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় টর্চ ও সার্চলাইট ব্যবহার করে পুঁইশাকের ক্ষেত এবং আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হয়।
তল্লাশির একপর্যায়ে ক্ষেতের ভেতর থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১৬টি তাজা ককটেল পাওয়া যায়। পরে পাশ থেকে একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে ৪টি পেট্রোল বোমা পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধার করা বোমাসদৃশ আলামতগুলো নিরাপদে জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা এগুলো সেখানে রেখে গেছে। তবে এসব বিস্ফোরক সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহীতে ককটেল উদ্ধার ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি-৫ কর্মকর্তা জানান, উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ আরও জানায়, সন্ত্রাস, মাদক এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া গেলে সাধারণ মানুষকে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Reporter Name 









