
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি), ফরিদপুর:
‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজস্ব অর্থায়নে এ আয়োজন করে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালথা উপজেলার ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপহার ও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ায় চারজন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।
সালথায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার এই উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই নিয়মিত এমন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি, শিক্ষা উপকরণ ও সহায়তা দিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। তিনি শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।
ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম এবং সহকারী শিক্ষক সুমন পাল।
এছাড়া ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান ও দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) বলেন, ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটি গড়ে তোলা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম লক্ষ্য। বিভিন্ন সময়ে এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনকে আরও এগিয়ে নিতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা মনে করেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সহায়তা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। একই সঙ্গে এমন উদ্যোগ এলাকার অন্যান্য শিক্ষার্থী ও তরুণদেরও পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে।

Reporter Name 
















