
নওগাঁর মান্দা উপজেলায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেস তৈরির কাজে নির্ধারিত মানের ইটের খোয়ার পরিবর্তে পরিত্যক্ত ইটভাটার নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বালু দেওয়ার অভিযোগও রয়েছে।
মান্দায় কোটি টাকার সড়কটি উপজেলার মৈয়ম ইউনিয়নের অহেদের মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিস্তৃত। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বর্তমানে চলমান। স্থানীয়দের দাবি, প্রকল্পটির নির্মাণ ব্যয় প্রায় এক কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেস তৈরির কাজে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কাজে ব্যবহৃত কিছু ইটের খোয়া মানসম্মত নয়। তাদের দাবি, পরিত্যক্ত ইটভাটার নিম্নমানের ইট ভেঙে তৈরি খোয়া সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া খোয়ার তুলনায় বালুর পরিমাণও বেশি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, নির্মাণকাজে নির্ধারিত মান বজায় না রাখলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, দেবে যাওয়া ও খানাখন্দ তৈরি হতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে যথাযথ তদারকি না থাকলে এমন অনিয়মের সুযোগ তৈরি হয়। তাই সড়ক নির্মাণে ব্যবহৃত উপকরণের মান পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে কি না, সেটিও যাচাই করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের এক ম্যানেজার বলেন, তাঁর বাড়িও ওই গ্রামে। তিনিও চান, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখে সঠিকভাবে সম্পন্ন হোক।
এ বিষয়ে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা আব্দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকের ক্যামেরার সামনে বক্তব্য দিতে পারবেন না বলে জানান। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন নির্দেশনা রয়েছে।
এদিকে মান্দার বিভিন্ন সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে নতুন করে এই সড়কের নির্মাণমান নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কের কাজে কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি পরীক্ষা ও তদন্ত প্রয়োজন। প্রকল্পের নির্ধারিত নকশা, স্পেসিফিকেশন এবং নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের পরই বিষয়টি পরিষ্কার হবে।
নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেমদ
তারিখ: ০৭-০৯-২০২৬ ইং

Reporter Name 
















