
মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।
সভায় নৌযান শুমারি-এর উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর, বিল, জলাশয় এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত যাত্রী ও পণ্যবাহী নৌযান, ডাম্ব বার্জসহ নির্ধারিত সব ধরনের নৌযান এই শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান এই শুমারির অন্তর্ভুক্ত হবে না।
শুমারি কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার চালানো হবে বলে জানানো হয়।
প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে জেলার ১০টি উপজেলায় কুইক কাউন্ট অপারেশন সম্পন্ন হয়েছে। এতে মোট ৪২২টি ঘাট এবং ৪ হাজার ২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকল উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ২৩৩টি নৌযান শনাক্ত হয়েছে। এছাড়া লংগদুতে ১ হাজার ৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।
পরবর্তী ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে সুপারভাইজার এবং লিস্টার নিয়োগের মাধ্যমে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেলার ইঞ্জিনচালিত, যাত্রীবাহী, পণ্যবাহী, কার্গো, ট্রলার, ফেরিসহ বিভিন্ন ধরনের নৌযানের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে।
সভায় বক্তারা বলেন, দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করা, অবকাঠামো পরিকল্পনা এবং কার্যকর নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। তাই রাঙামাটিতে নৌযান শুমারি ২০২৬ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নৌযান মালিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Reporter Name 



















