
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে পবিত্র মহররম উপলক্ষে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১ মহররম থেকে ১০ মহররম পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। সমাপনী দিনে দরবার প্রাঙ্গণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্ত, মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মাহফিলে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর এবং বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। তিনি তরিকতের শিক্ষা, আত্মশুদ্ধি এবং ইসলামের মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ (সা.), সাহাবায়ে কেরাম, আহলে বাইত এবং আউলিয়ায়ে কেরাম মানুষের কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দিয়ে গেছেন। ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মাহফিলে রাতব্যাপী আশুরার তাৎপর্য, আহলে বাইতের মর্যাদা এবং কারবালার শিক্ষার ওপর দেশবরেণ্য আলেম-ওলামারা ওয়াজ ও নসিহত পেশ করেন। বক্তারা বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার অনন্য শিক্ষা।
দরবার শরীফের পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী এবং পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর তত্ত্বাবধানে প্রতিদিন খতমে কুরআন, খতমে খাজেগান, আহলে বাইতের সিরাত আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ ছাড়া ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল-এ দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, পীর-মাশায়েখ ও আলেমরা ইসলামের আদর্শ, আহলে বাইতের প্রতি ভালোবাসা, মানবিক মূল্যবোধ, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মাহফিলের প্রতিটি পর্বে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ফান্দাউক দরবার শরীফে এ ধরনের ধর্মীয় আয়োজন আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে অব্যাহত থাকবে।

Reporter Name 
















