হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বুধবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৯২টি সীসার পিলেট এবং ৩টি এয়ারগান উদ্ধার করেছে। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর এলাকায় তাদের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে একটি বাঁশবাগানে রাখা পাটের বস্তা ও প্লাস্টিকের কৌটার মধ্যে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারু পাওয়া যায়।
উদ্ধারকৃত আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অবস্থানে পাওয়া যায়নি। তবে র্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, এসব এয়ারগান ও সীসার পিলেট নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারত।
র্যাব আরও জানিয়েছে, গত কয়েক বছরে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হবিগঞ্জের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।