স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলার নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির সদস্যরা ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।
সংবাদ সম্মেলনে কর্নেল তৌহিদ হাসান বলেন,
“মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মাঠপর্যায়ে কাজ করছে। জেলার প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।